সরকারি সংগীত কলেজের প্রতিষ্ঠাতা ওস্তাদ বারীণ মজুমদারের জন্মশতবর্ষ স্মরণে সরকারি সংগীত কলেজে আয়োজন করেছে দু-দিনব্যাপী ‘সংগীতচার্য পণ্ডিত বারীণ মজুমদার সংগীত উত্সব ২০২১’। করোনার কারণে উত্সবটি ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে। গতকাল উত্সবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। উত্সবটিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা সংগীত ব্যক্তিত্বরা। আজ উত্সবের শেষদিন রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য গজল শিল্পী পদ্মশ্রী অনুপ জালোটা, সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীতজ্ঞ পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সংগীতশিল্পী কোয়েল ত্রিপাঠি। এছাড়া উত্সব অতিথি হিসেবে আজ উপস্থিত থাকবেন বারীণ মজুমদারের ছেলে সংগীত পরিচালক পার্থ মজুমদার। শেষে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার মাধ্যমে উত্সবের পর্দা নামবে।