‘ঠিকানা ৩২’ নামে মুক্তিযুদ্ধকালীন একটি তথ্যচিত্র নির্মাণ শেষ করেছেন দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। ৮ মিনিটের এই তথ্যচিত্রটিতে তিনি নিজে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। একই তথ্যচিত্রে তিনি একজন বীরাঙ্গনার চরিত্রে ভাবনাকে নিয়ে কাজটি করেছেন। ভাবনার অভিনয়ে মুগ্ধ অরুণা বিশ্বাস। তার ভাষ্য মতে, ভাবনা এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনেক ম্যাচুউরড একজন অভিনেত্রী। যে কারণেই বীরাঙ্গনা চরিত্রটিতে তাকে নিয়ে কাজ করা।’ অরুণা বিশ্বাস জানান, আগামী স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সবগুলো চ্যানেলে একইদিন ‘ঠিকানা ৩২’ তথ্যচিত্রটি প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অরুণা বিশ্বাস বলেন, ‘ঠিকানা ৩২-এর সূত্রধরে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ভাবনাকে নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করবো। নাটকের নাম এখানে কেউ থাকে না।’
ঠিকানা ৩২-এ অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অরুণা দিদির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ঠিকানা ৩২-এ শুটিং করার সময় দিদি এমন একটি পরিবেশের সৃষ্টি করেছিলেন যে, মনে হয়েছিল আমরা যেন ঠিক ১৯৭১ সালে আছি। আমি এই তথ্যচিত্রে রাফেজা চরিত্রে অভিনয় করেছি। যখন সংলাপ বলছিলাম, বারবার শরীর শিহরিত হয়ে উঠছিল। অরুণা দিদির নির্দেশনায় কাজ করে আমি সত্যিই ভীষণ তৃপ্ত।’
এদিকে অরুণা বিশ্বাস বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।