ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দিলো জাপান  

 যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত সহ বিশ্বের বহু দেশে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ। কিন্তু জাপানে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়নি। অথচ সামনে টোকিও অলিম্পিক। তাই এবার ফাইজার করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিল জাপান। এই প্রথম কোনও করোনা টিকাকে এই দেশ অনুমোদন দিল।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজারের করোনা ভ্যাকসিনকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে। এতদিন জাপানে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছিল। শুক্রবার তার ফলাফল আসে। তারপরই ফাইজারকে অনুমোদন দেওয়া হয়। ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ভ্যাকসিন   জাপানের মানুষকে সুরক্ষা দিতে সমর্থ। গত বছরের ডিসেম্বর থেকে বহু দেশে ফাইজার ভ্য়াকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমান পরিকল্পনা অনুসারে প্রথমে জাপানে হাসপাতালগুলোর ২০ হাজার মেডিক্যাল ওয়ার্কারকে ভ্যাকসিন দেওয়া হবে। বুধবার তাদের প্রথম ডোজ দেওয়া হবে বলে জানা গেছে।  

 জাপান সরকার জানিয়েছেন, ফাইজার থেকে ১৪৪ মিলিয়ন টিকা নেবে তারা। এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার থেকে ১২০ মিলিয়ন ও মডার্না থেকে ৫০ মিলিয়ন করোনা টিকা নেওয়া হবে।

ইত্তেফাক/এআর