বদলগাছীতে ছোট যমুনা নদীর চরে পতিত জমিতে মিষ্টিআলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। উপজেলার সদর ইউপির দাউদপুর গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, আমি ছোট যমুনা নদীর চরে প্রায় ২০ শতক পতিত জমিতে মিষ্টিআলু চাষ করেছি। উপজেলার তেজাপাড়া আশাফ আলী, কাদিবাড়ী গ্রামের বাচ্চু, দৌলিয়া গ্রামের রশিদ, আব্দুল কুদ্দুসসহ অনেকে বলেন, আমরা প্রতি বছর নদীর চরে পতিত জমিতে মিষ্টিআলু ও সরিষা চাষ করে বাড়তি টাকা আয় করি। আর এ বাড়তি লাভের আশায়ই মিষ্টিআলু চাষে উদ্বুদ্ধ হয়েছেন কৃষকরা। উপজেলার বিলাশবাড়ী ইউপির এনায়েতপুর গ্রামের ফজু হোসেন, বেলাল, শফি ও বালুভরা ইউপির কোমারপুর গ্রামের ইসলাম ও জাইদুল বলেন, এ বছর কৃষি অফিসারের পরামর্শে ও কৃষি অফিস থেকে মিষ্টিআলুর বীজ সংগ্রহ করে আবাদ করেছি। এতে ফলনও অনেক ভালো হচ্ছে। কয়েক দিনের মধ্যেই আলু তুলতে শুরু করব। এক বিঘা জমি থেকে প্রায় ৫০-৬০ মণের মতো আলু পাবেন বলে আশাবাদী তারা। বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, মিষ্টিআলু চাষে সময় লাগে কম এবং ফলনও ভালো হয়। এ বছর কৃষি অফিস থেকে কৃষকদের নদীর চরে পতিত জমিতে বাড়তি আয়ের জন্য মিষ্টিআলু চাষে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। উপজেলায় এবার পতিত চর এলাকায় প্রায় ২৫ হেক্টর জমিতে এই মিষ্টি আলু চাষ আবাদ করা হয়েছে। এতে কৃষকরা অনেক লাভবান হবেন।