লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাহুড়িয়া গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্নী বেগম শনিবার সন্ধ্যায় হাঁস ঘরে না আসায় প্রতিবেশীর বাড়িতে খুঁজতে যান। বাড়ি ফিরে চার বছর বয়সি ছেলে তানজিল ও আড়াই বছর বয়সি মেয়ে তাসনিমকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।