পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রেখা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের উপজেলার ধারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেখা উপজেলার খলিশাপুর ইউনিয়নের জাওয়ানি গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭২ নম্বর লোকাল ডাউন ট্রেনটি জালশুকা স্টেশনে পৌঁছার আগে ধারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক আহমেদ জানান, লাশ উদ্ধার করা হলেও নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।