নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী, ভোটার, কর্মী ও সমর্থকদের মধ্যে উত্সবের আমেজ বিরাজ করছে। পৌরসভার প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জোর প্রচারণায় নেমে পড়েছেন। পৌরসভার ১৫টি ওয়ার্ডে চলছে প্রার্থীদের পথসভা, খুলি বৈঠক, মতবিনিময় সভা। প্রথম শ্রেণির এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রয়াত মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের ছোট ভাই আলহাজ মো. রশিদুল হক সরকার বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকে রাফিকা আকতার জাহান, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে সিদ্দিকুল আলম, ইসলামী আন্দেলনের হাতপাখা প্রতীকে হাফেজ নূরুল হুদা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীকে লড়ছেন রবিউল আউয়াল রবি।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে প্রথমে তফসিল ঘোষণায় গত ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সৈয়দপুর পৌরসভার মেয়র ও পদপ্রার্থী অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ভোটের দুদিন আগে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পরে দ্বিতীয় দফা নুতন করে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয় ২৮ ফেব্রুয়ারি।