ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে শনিবার রাতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ঐ মহাসড়কে চলাচলকারী সব যানবাহন চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে দীর্ঘদিন ধরে রয়েল কোচ নামের একটি পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি একই রুটে রয়েল বি.বাড়িয়া নামের আরেকটি পরিবহনের বাস সার্ভিস চালু হয়েছে। রয়েল নাম ব্যবহার করায় রয়েল বি.বাড়িয়ার বিরোধিতা করে আসছিল রয়েল কোচ সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই পরিবহনের লোকজন। এ দ্বন্দ্ব নিরসনে আজ সোমবার শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই শনিবার রাতে বিশ্বরোড মোড়ে রয়েল কোচের কয়েক জন চেকারকে মারধর করে রয়েল বি.বাড়িয়ার সিএনজি শ্রমিক নেতারা। পরে উভয় পক্ষের সমর্থকরা মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।