পাঁচবিবি উপজেলার বালু ব্যবসায়ীরা অবৈধভাবে ছোট যমুনা নদীর পাড় কেটে বালু নিয়ে যাচ্ছে। এতে পাড় ঘেঁষা আবাদি জমি ও বাড়ি হুমকীর মুখে পড়েছে। উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পূর্ব খাসবাট্রা গ্রামের পাশ দিয়ে ছোট যমুনা নদীর পাড় অবৈধভাবে কাটছে ব্যবসায়ীরা। নদীর পাড়সহ আবাদি জমি প্রায় ১৫-২০ ফুট গভীরভাবে খনন করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তারা। গ্রামবাসী অভিযোগ করেন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায় না। তাদের অত্যাচারে এলাকার কৃষকদের চাষাবাদ করা অসম্ভব হয়ে উঠেছে। অবৈধভাবে নদীর পাড় খননের ফলে প্রায় ৫০ একর আবাদি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর পাড় ও ফসলি জমি কাটার ফলে পার্শ্ববর্তী ফসলি জমিসহ বসতবাড়িও এক সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।