জয়ের ধারা ধরে রাখতে পারল না জুভেন্তাস। লিগে টানা তিন ম্যাচে জেতার পর যখন মনে হচ্ছিল শিরোপার দৌড়ে নিজেদের পুনঃ প্রতিষ্ঠিত করেছে আন্দ্রেয়া পিরলোর দল, তখনই আবার পরাজয়ের তীক্ত স্বাদ নিতে হলো ‘তুরিনের বুড়িদের’। পেনাল্টি থেকে পাওয়া লরেঞ্জো ইনসিনিয়ার একমাত্র গোলে শনিবার ঘরের মাঠে জুভেন্তাসকে হারিয়েছে নাপোলি। নব্যঘোষিত ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে রোনালদোরা পুরো ম্যাচে বুক চিতিয়ে লড়লেও নাপোলির শক্ত রক্ষণকে ভেদ করতে পারেনি। জুভেন্তাস অধিনায়ক জর্জিয়ো কিয়েলিনির জোড়া ভুলে এদিনে সর্বনাশ হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। সিরি আয় ৪০০তম ম্যাচ খেলতে নামা কিয়েলিনি প্রথমে ডিবক্সের ভেতরে বলে হাত লাগিয়ে ইনসিনিয়াকে সুযোগ করে দেন তার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। এরপর আলভারো মোরাতা জুভেন্তাসের হয়ে সমতা ফেরালেও কিয়েলিনি অফসাইডে থাকায় বাতিল হয় সেই গোল।