গোয়েন্দা বিভাগের সহযোগিতা নিতে বললেন মনজুর কাদের

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জালে গোল করলেও শেখ জামালের গোলটি বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি জালাল উদ্দিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবারের এই ম্যাচ নিয়ে উত্তপ্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তারা। তারা রেফারির এমন সিদ্ধান্তকে উদ্দেশ্যমূলক মনে করছেন। গতকাল ক্লাবের গভর্নিংবডির চেয়ারম্যান মনজুর কাদের তার গুলশানের অফিসে সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনকে অনুরোধ করে বলেছেন, তিনি যেন বসুন্ধরা-শেখ জামালের ম্যাচ ভিডিওটা দেখেন। সংবাদ সম্মেলনে বড় পর্দায় একাধিকবার দেখানো হয় জাহিদের ক্রসের বল গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে নিয়ন্ত্রণে নিয়ে গোল মুখে ঢুকে গেলে গতির লড়াইয়ে পেছনে পড়ে যান বসুন্ধরার অধিনায়ক ডিফেন্ডার তপু বর্মন। মনজুর কাদের বলেন, ‘জোবে বল নিয়ে গোল করলেন। তপু বিনা বাধায় মাঠে পড়ে গেলেন রেফারি ফাউলের বাঁশি বাজালেন। ম্যাচটা গোলশূন্য ড্র হয়। হার থেকে বেঁচে যায় বসুন্ধরা। ভিডিও দেখিয়ে মনজুর কাদের বললেন, ‘দেখুন দেখুন তপু ওমর জোবেকে আটকাতে না পেরে জার্সি ধরে টানছে। ফাউল করেছে তপু। আমার প্লেয়ারকে আটকাতে না পেরে নিজেই মাটিতে শুয়ে পড়ল।’ তিনি বলেন, ‘বাফুফে সভাপতির প্রতি অনুরোধ থাকবে তিনি ভিডিওটা দেখে যদি মনে করেন গোল হয় না তাহলে আমাদের কিছু বলার নেই। আর যদি গোল হয়ে থাকে তাহলে কেন রেফারি সিদ্ধান্ত দিলেন না। সালাহউদ্দিন অনেক বড় মাপের ফুটবলার ছিলেন তিনি ওমর জোবের গোলটা দেখলে প্রশংসা না করে পারবেন না। ’

বিতর্কিত রেফারিং দেশের ফুটবলকে নষ্ট করছে। তিনি ধারণা করেন রেফারিদের পেছনে কেউ কাজ করছে কি না। এভাবে বিতর্কিত বাঁশি বাজিয়ে দেশের ফুটবলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। প্রতি বছরই এসব হচ্ছে। এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসাটা কঠিন কিছু মনে করছেন না মনজুর কাদের।  তিনি বললেন, ‘দেশে র্যাব ভালো কাজ করছে। গোয়েন্দা বিভাগ আছে। যারা দেশের জন্য ভালো ভালো কাজ করছে। গোয়েন্দা বিভাগ থেকে সহযোগিতা নিয়ে শাস্তি দেওয়া এসব অনিয়ম বন্ধ হবে। রেফারিরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন।’ শুধু তাই নয় গোয়েন্দা বিভাগ ছাড়াও মাঠে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভার) ব্যবহারের অনুরোদ করেছেন মনজুর কাদের। ভার ব্যববহার করা হলে রেফারি ভুল সিদ্ধান্ত দিতে পারবে না। কারো পক্ষে যেতে পারবে না বলে জানিয়েছেন তিনি। শেখ জামালের এই কর্তা বাফুফেকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনার মধ্যে লিগটা আয়োজন করেছে বাফুফে সভাপতি। আর রেফারিরা নিরপেক্ষ খেলা চালাতে পারছেন না।’