চোট প্রতিটি ম্যাচেই ঝামেলায় ফেলছে নোভাক জোকোভিচকে। কিন্তু তার পরও হাল ছাড়ছেন না তিনি। কষ্ট হলেও জিতে চলেছেন একের পর রাউন্ড। যেই ধারাবাহিকতায় পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। গতকাল কানাডার মিলোস রাওনিচকে ৭-৬ (৭-৪), ৪-৬, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন।
তবে সামনের পথটা আরো কঠিন হতে পারে জোকোভিচের জন্য। কেননা চোট থেকে সেরে উঠে সময় পাচ্ছেন না এই সার্বিয়ান তারকা। গ্র্যান্ড স্লাম না হলে আগেই সরে যেতেন টুর্নামেন্ট থেকে। তবু লড়াই চালিয়ে যেতে যান তিনি।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘এই ম্যাচের জন্য কোনো প্রস্তুতিই ছিল না। গ্র্যান্ড স্লামের বদলে অন্য কোনো টুর্নামেন্ট হলে প্রত্যাহার করে নিতে। কিন্তু কোর্টে আমি আমার সেরাটাই দিতে চাই।’
জোকোভিচ জিতলেও বিদায় নিয়েছেন গতবারের ফাইনালিস্ট ডমিনিক টিম। গ্রেগর দিমিত্রভের কাছে ৬-৪, ৬-৪, ৬-০ গেমে উড়ে যান পুরুষ এককের এই তৃতীয় বাছাই। এদিকে নারী এককে কোয়ার্টারে পৌঁছেছেন ফেভারিটরা। আগামীকাল যেখানে জমজমাট ম্যাচে দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস।