গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বিএনপি ---------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি জনগণ ও পুলিশের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়ে গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে। বিএনপির অপরাজনীতির ষোলোআনাই  জনগণ এখন বুঝে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওবায়দুল কাদের সম্মেলনে যুক্ত হয়ে আরো বলেন, আওয়ামী লীগ কখনো     ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সত্ সাহস শেখ হাসিনার আছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে।  আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে-বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে বলেও জানান তিনি। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই, শেখ হাসিনার জনমুখি রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

‘সরকার নাকি আলজাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয়, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আলজাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যে সব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে। নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।

তাড়াশ উপজেলা প্রান্তে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।