বিরোধী দলের প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, মামলা আর ভয় দেখানোর মধ্য দিয়ে গতকাল রবিবার হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। চুনারুঘাটের হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই দফা হামলার ঘটনা ঘটে। এতে সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে ঢুকে ভোটারদের নির্বিচারে লাঠিপেটা করে।
নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে একটি ছাড়া সবকয়টিতে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৮৩৩ ভোট ও বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন সামসু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভোট।
ইভিএম পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচনে শুরুতেই ভোটারদের শঙ্কা শুরু হয়েছিল তা বাস্তবে রূপ নিল বলে অভিযোগ করছেন বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন সামসু। তিনি বলেন, ইভিএমে ভোট হলেও আমাদের ১১টি কেন্দ্রের সবকয়টিতেই হাতেলেখা ফলাফল দেওয়া হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার নিজের কেন্দ্র হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। ফলে ভোটাররা ভোট না দিয়ে অনেকেই ফিরে গেছেন।
এছাড়া নির্বাচনের দুদিন পূর্বে নাজিম উদ্দিন সামসুর ভাতিজা শাহনেওয়াজ (২৫) ও সুমন মীরকে (২২) ধরে নিয়ে গ্রামে আতঙ্ক সৃষ্টি করে। তাছাড়া একাধিক বাড়িতে পুলিশের ভয়ভীতির অভিযোগ রয়েছে।