করোনা পরিস্থিতির কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কওমি ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময় নিজেদের এবং অন্যদের কারোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এই সময় শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে, নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে, সেই বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিশ্চিত করবেন।
প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।