বুধবার জেলা মহানগর পর্যায়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া দেশের সব মহানগর ও জেলায় এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ধাপে ধাপে আন্দোলন কর্মসূচির পাশাপাশি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের আন্দোলনও চলমান আছে। আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশালের সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত হবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ আরো বলেন, করোনা ভ্যাকসিনের জন্য একটি সোর্স, একটি সাপ্লাইয়ের ওপরে আমাদের নির্ভর করা ঠিক হচ্ছে না। কোনো দেশই একটি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এই ভ্যাকসিন আনার ব্যবস্থা নেয়নি, তারা একাধিক সূত্র থেকে ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। তাই আমরাও বলছি, বিকল্প সোর্স যদি খোঁজা না হয়, তাহলে কিছুদিন পর আমাদের যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন হবে সরকারের পক্ষে তা সরবরাহ করা সম্ভব হবে না ।

‘বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একজন মন্ত্রী ও সরকারি দলের সাধারণ সম্পাদক হিসেবে আলজাজিরার মতো একটা সংবাদ মাধ্যম সম্পর্কে কিছু জানেন না এটা বিশ্বাস করা কঠিন। কাতারের শাসকগোষ্ঠির মালিকানাধীন আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের বিরোধী দল বা বিএনপি প্রভাবিত করছে—এরকম প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং বলবো আপনি বুঝার ও জানার চেষ্টা করুন, তারপর কথা বলুন।