যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

রাজধানীর যাত্রাবাড়ীর শেখদি এলাকায় পরান নামে এক যুবক প্রতিবেশির বাসায় ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলেন, ইয়াসমিন আক্তার (৩৮) ও তার মেয়ে মাহমুদা মেহরিন (১৬) এবং প্রতিবেশি রুহুল কুদ্দুস (৩৮)। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, শেখদির দুই নম্বর সড়কের তিন নম্বর বাড়ির ৫ম তলায় ভাড়া থাকেন জুয়েলারী ব্যবসায়ী মাসুদ কিবরিয়ার পরিবার। একই বাড়ির ছয় তলায় থাকেন রুহুল কুদ্দুস । তিনি একটি হোটেলের ম্যানেজার। তার বাসায় পরান নামে এক যুবক থাকতো। ওই যুবক মাসুদ কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তারকে প্রায়ই উত্যক্ত করতো। জানার পর রুহুল কুদ্দুস বাসা থেকে বের করে দেন পরানকে। গতকাল সন্ধ্যায় পরান ওই বাসায় গিয়ে রুহুলকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। রুহুলের চিত্কার শুনে ৫ম তলা থেকে ইয়াসমিন আক্তার ও তার মেয়ে মাহমুদা মেহরিন ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে পালিয়ে যায় পরান।