ছোটপর্দার জনপ্রিয় মুখ নোভা। এক সময় নিয়মিত পর্দায় তাকে দেখা গেলেও বর্তমানে বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি তিনি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রে অভিষেক ও অভিনয়জীবনের নানা বিষয়ে তিনি কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল
চলচ্চিত্রে আপনার অভিষেক হচ্ছে। চলচ্চিত্রটিতে আপনার ভূমিকা এবং সিয়াম সম্পর্কে জানতে চাচ্ছি—
হ্যাঁ, মৃধা ভার্সেস মৃধা’ শিরোনামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ এটি একটি গল্পনির্ভর ছবি। আমাদের চারপাশে দেখা বা নিজেদের জীবনে ঘটে যাওয়া একটি গল্পকে তুলে ধরা হবে। আমি ঐশি নামের একটি চরিত্রে কাজ করবো, যাকে দেখে আপনার মনে হবে এই মেয়েটি তো আমার বাড়িতে আছে। আর প্রথম ছবিতে সিয়ামকে নায়ক হিসেবে পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সিয়াম অনেক ভালো একজন অভিনেতা। সবচেয়ে বড় কথা ওর মাঝে ভালো কাজ করার ইচ্ছে প্রবল রয়েছে।
আপনি টিভিসি, নাটক থেকে উপস্থাপনায় এসেছেন। এবার এলেন চলচ্চিত্রে। ক্যারিয়ারে বারবার এই মাধ্যম পরিবর্তনের কারণ কী?
দেখুন, আমি কিন্তু মাধ্যম পরিবর্তন করিনি। সব মাধ্যমেই আমি এখনো কাজ করছি। তবে আগে নিয়মিত কাজ করতাম বলে বেশি চোখে পড়তো। আর আমার কাছে মনে হয় মাধ্যম কোনো ব্যাপার না। অভিনয় তো অভিনয়ই, সেটা যে মাধ্যমেই হোক, এর তো কোনো ভিন্নতা নেই। আমি আসলে ক্যারিয়ারের শুরু থেকেই এমন একটি ছবিতে কাজ করতে চেয়েছি যেটা আমার সঙ্গে যায় এবং মানুষের মনে রাখার মতো একটি ছবি হয়। বলতে পারেন, এতদিন অপেক্ষার পর পছন্দের গল্পের ছবিতে অভিনয় করতে যাচ্ছি।
নাটকের জনপ্রিয়তা চলচ্চিত্রেও ধরে রাখতে পারবেন বলে মনে করেন? অনেকেই বলেন টিভিসি বা নাটক থেকে এসে কেউ চলচ্চিত্রে জায়গা তৈরি করতে পারে না!
আমার কাছে অভিনয় করাটাই মুখ্য। যারা আমার অভিনয় পছন্দ করেন তারা নিশ্চয় এই মাধ্যমেও আমাকে ভালোবেসে গ্রহণ করবেন। তাছাড়া এই বিষয়টি নিয়ে আমি ভাবছিও না। আমি আমার কাজটি সততার সঙ্গে শেষ করতে চাই। বাকিটা উপরওয়ালা এবং দর্শকদের ওপর নির্ভর করছে।
দেশে এখন নাটক প্রচারের নানা মাধ্যম তৈরি হয়েছে। কাজের পরিধি বেড়েছে। তবু আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, কিন্তু কেন?
আমি আসলে বেছে বেছে কাজ করি। শখের জায়গা থেকে এখন অভিনয় করি। যে গল্পগুলো আমার মন ছুঁয়ে যায় এবং চরিত্রটি চ্যালেঞ্জিং মনে হয় এবং মনে হয় এখানে আমার কিছু করার আছে তখন সেই কাজগুলো করি। আর মাধ্যম তৈরি হলেও কিন্তু চরিত্র সংকট থেকেই যাচ্ছে। এ ধরনের কাজ আসলে আমাকে টানে না।
এখন বিশ্বের অনেক নামিদামী তারকা ওয়েব সিরিজে কাজ করছেন। কিন্তু নোভা যুগের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ কেন?
না, আমি যুগের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ নই। আমি স্রোতের বিপরীতে চলতে পছন্দ করি। আমার মন যা চায় তাই করি। সেক্ষেত্রে যুগ কোনদিকে যাচ্ছে, মানুষ কোনদিকে চলছে, সেটা আমাকে ভাবায় না। আমি আমার কাজটি মন দিয়ে করে যেতে চাই। কাজের মধ্য দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে সেই চেষ্টা করি। আমার কাছে তাল মেলানো না, কাজই আসল।
বর্তমান সময়ে নাটকে অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে। এতে করে ভালো কাজে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন না?
হ্যাঁ, প্রভাব তো অবশ্যই পড়ছে। আমি সবসময় এ ধরনের কাজের বিরুদ্ধে ছিলাম, ভাষা প্রয়োগের বিষয়েও সচেতন ছিলাম। কারণ কাজটি যখন কোনো চ্যানেলে বা মাধ্যমে দেখানো হয় তখন তার অনেককিছুই সমাজের ওপর, মানুষের ওপর প্রভাব ফেলে।