আলজাজিরা
আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু ও আরো চার জন অসুস্থ হওয়ার পর দেশটিতে মহামারি ঘোষণা করা হয়েছে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। আলজাজিরা
লাইবেরিয়া সীমান্তের কাছাকাছি একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে অংশগ্রহণের পর সাত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তাদের ডায়রিয়া, বমি ও রক্তক্ষরণ শুরু হয়েছে। চিকিত্সা কেন্দ্রে আক্রান্তদের আলাদা করে রাখা হয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী সরকার ইবোলা মহামারি ঘোষণা করছে।’ স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেন, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত চলা প্রথম ইবোলা মহামারির পর কর্মকর্তারা মৃত্যুর ব্যাপারে ‘সত্যিই উদ্বিগ্ন ছিলেন’। সেসময় ঐ ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় ১১ হাজার ৩০০ ব্যক্তির মৃত্যু হয়।
গিনির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএস জানিয়েছে, ইবোলা শনাক্ত করতে দ্বিতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে এবং আক্রান্তদের অনুসরণ ও আলাদা করতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। ইবোলার ভ্যাকসিন পেতে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।