ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

তপন কুমার দাস, বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখায় বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিডিউলে বর্ণিত মান অনুযায়ী ভবনে রড ব্যবহার না করাসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে গত রোববার দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে ভবন পরিদর্শন করে এ নির্দেশনা দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ঠিকাদারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বড়লেখার বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৪ তলা ভিত্তির ওপর ২ তলা ভবন নির্মাণ কাজ হচ্ছে। প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকার কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ কন্সট্রাকশন। গত বছরের ৬ ডিসেম্বর উদ্বোধনের পর ভবনের নির্মাণকাজ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, ভবনের বিভিন্ন অংশে ল্যাবরেটরি পরীক্ষায় মান নিশ্চিত হওয়া ছাড়াই লোকাল রড (নন-গ্রেড), নিম্নমানের ইট, সিলেট স্যান্ডের পরিবর্তে লোকাল স্যান্ড (লোকাল বালু) ব্যবহার করা হয়েছে। আলাপকালে ল্যাবরেটরি পরীক্ষা ছাড়াই রড ব্যবহারের বিষয়টি স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, ‘করোনার কারণে রিপোর্ট পাইনি। তবে দ্রুত শেষ করার জন্য কাজ শুরু করি। বিএসআই কোম্পানির রড পরীক্ষার জন্য পাঠাই। তবে যে দোকান থেকে মাল কিনেছি তারা কিছু মাল অন্য কোম্পানির পাঠিয়েছে। সব রড খারাপ না। ৪০ পার্সেন্টের মতো অন্য রড হয়তো ব্যবহার হয়েছে। এগুলো সংশোধন করা হবে।’

কাজ তদারকির দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী মো. মনিরুল হক ঢালাইয়ের জন্য প্রস্তুত হওয়া ছাদের সব জায়গায় বিএসআই রড ব্যবহারের দাবি করলেও এই রড সব জায়গায় দেখাতে পারেননি। রডের ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো রিপোর্ট আসেনি। সবকিছু তো রিপোর্টে হয় না। অভিজ্ঞতার আলোকেই করতে হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাঠান বলেন, রোববার এ স্বাস্থ্যকেন্দ্রটির দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কথা ছিল। কিছু অনিয়মের অভিযোগ উঠায় ছাদ ঢালাই বন্ধ করেছি আমরা। স্থানীয় ইউএনও পরিদর্শন করেছেন। কোনো অনিয়ম সহ্য করা হবে না। ত্রুটি থাকলে ঠিকাদারকে অবশ্যই কাজ করে দিতে হবে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণকাজের রডসহ অন্যান্য মালামালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ঢলাই কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।