ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকালে উপজেলা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঐ প্রধান শিক্ষকের নাম মো. খালেকুজ্জামান ডিউক। তিনি উপজেলার আছিয়ার বাজার এলাকার মৃত আবদুল লতিফ মিয়ার ছেলে এবং রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসামির স্ত্রী লালমনিরহাট জেলার নয়ারহাট এলাকার জাকির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুক্তা জানান, ২০০২ সালের এপ্রিল মাসে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রায় সময় স্বামী যৌতুকের জন্য তাকে অমানুষিক নির্যাতন করত। বাধ্য হয়ে তিনি ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি লালমনিরহাট জর্জ আদালতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার হূদয় কৃষ্ণ বর্মণ জানান, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।