চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজারে প্রায় এক একর সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক অপারেশন নুরুল বাশার, সার্ভেয়ার সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন। অভিযানে স মিল, টিনের দোকান, খাদ্যের দোকান, হোটেল, ওষুধের দোকানসহ সড়কের পাশে থাকা গাছের গুঁড়ি উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, রবিবার মাইকিং করেও অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা সরে না যাওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।