সংবাদ সংক্ষেপ

 

প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় অবহিতকরণ কর্মশালা

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা গতকাল সোমবার শরণখোলায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

বিভিন্ন নারী কমিটির সদস্য ও অপরাজিতাদের মধ্যে মতবিনিময়

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় অপরাজিতা প্রকল্পের আয়োজনে রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটির সদস্যদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এই মতবিনিময় সভা উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার।

স্বরূপকাঠিতে করোনার টিকা নিয়েছেন ২১০০ জন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে গতকাল সোমবার পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ জন করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। বিষয়টি জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কারো কোনো বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়নি। এ উপজেলায় প্রথম ধাপে ৬ হাজার ৮০০ ডোজ করোনা ভ্যাকসিন এসেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে কাহারোলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা উপজেলা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার ১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ চন্দ্র ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা গতকাল সোমবার নিয়ামতপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

খুলনা অফিস নগরীর একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার ‘কৃষিবিষয়ক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি)-তে প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন এফএফবির সিইও এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন, দৈনিক বণিক বার্তার ডেপুটি সিটি এডিটর সাহানোয়ার সাইদ শাহীন প্রমুখ।

করোনার টিকা নিয়ে জনসচেতনতামূলক শোভাযাত্রা

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা উপজেলায় আনসার ভিডিপির উদ্যোগে কোভিট-১৯ টিকা গ্রহণ, উদ্বুদ্ধকরণ জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনসার-ভিডিপি অফিসের সামনে এসে শেষ হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. আসাদুজ্জামান খান, প্রশিক্ষিকা তানজিমা বেগম প্রমুখ।