বিজিএমইএ নির্বাচন
ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের মধ্যে একটি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দানকারী জায়ান্ট গ্রুপের প্রধান ফারুক হাসান বলেছেন, তিনি নির্বাচিত হলে তৈরি পোশাক খাতের কারখানা সংস্কারে গত কয়েক বছরে বিপুল বিনিয়োগের ফলে কারখানায় কর্মপরিবেশের যে উন্নয়ন হয়েছে, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। পোশাক খাতের ইতিবাচক গল্পগুলো নিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হবে। একই সঙ্গে তুলানির্ভরতা কমিয়ে ম্যান মেড ফাইবারের সমন্বয়ে উচ্চমূল্যের পোশাক তৈরিতে গুরুত্ব দেওয়া, বায়ার ও ব্র্যান্ডদের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী জিএসপি প্লাসের আওতায় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে তত্পরতা চালানোসহ বেশকিছু উদ্যোগের কথা জানান।
এছাড়া বিদায়ি কমিটির ইতিবাচক কার্যক্রম চলমান রাখার ইচ্ছার কথাও জানান। গতকাল রাজধানীর গুলশানে সম্মিলিত পরিষদের নির্বাচনি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মিলিত পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী ফারুক হাসানকে প্যানেল লিডার হিসেবে গণমাধ্যমে পরিচয় করিয়ে দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী ও সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনিশ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, কাজী মনিরুজ্জামান, সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম, মোহাম্মদ নাছির, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক সহসভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।
প্রসঙ্গত, নির্বাচনে সদস্যদের ভোটে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। তাদের ভোটে পরিচালনা পর্ষদ গঠন হবে।