ফিফার টেবিলে বসুন্ধরা জামালের ম্যাচ

ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি রাখার উদ্যোগ

 স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস এবং শেখ জামালের ম্যাচের ৮৭ মিনিটে হওয়া গোলটি বাতিল করেছিলেন রেফারি জালাল উদ্দিন। ফাউলের বাঁশি বাজিয়ে গোল বাতিল করেন রেফারি। শেখ জামাল গোলবঞ্চিত হয়। গোল শূন্য ড্র হয় ম্যাচ। সেই ম্যাচের রাতেই বিতর্কিত সিদ্ধান্তটি ফিফার কাছে পাঠিয়ে দিয়েছে বাফুফে। গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন তারা ফিফার টেবিলে ছেড়ে দিয়েছেন। সেখান থেকে কী বলা হয় সেটা জানার অপেক্ষা করছে বাফুফে। ফিফার রেফারিজ ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে।

বিতর্কিত এই সিদ্ধান্তের প্রতিবাদ করে শেখ জামাল। পরশু শেখ জামালের গভর্নিংবডির চেয়ারম্যান মনজুর কাদের তার গুলশানের অফিসে সেদিনের খেলা ভিডিও ফুটেজ বাফুফের সভাপতিকে  দেখার অনুরোধ করেন। গতকাল সেই গোলের ফুটেজ দেখে সালাহউদ্দিন বলেন, ‘আমি আগেই দেখেছি। কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখেছি। ফেডারেশনের সাত-আট জনও দেখেছে। তারা কেউ বলেছে গোল হয়েছে। কেউ বলেছেন গোল হয়নি। আমরা এটি ফিফায় পাঠিয়ে দিয়েছি।’

বাফুফে সভাপতি নিজের ফুটবল ক্যারিয়ারের কথা উল্লেখ করে বলেন, ‘আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। আমার খেলোয়াড়ি জীবনেও দেখেছি খেলায় হারলে রেফারিকে দোষারোপ করা হয়। আমরা জানি কী কারণে হেরেছি। তার পরও দর্শক রেফারিকেই দোষ দেয়।’ তিনি বলেন, ‘এ বছরের লিগে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে। রেফারির কাছ থেকে জোর করে সিদ্ধান্ত আদায় করার মনোভাব বিদেশের মাঠে এর প্রভাব পড়ে। সালাহউদ্দিন বলেন, ‘এখানে ভুল করে যেভাবে পারতে পেয়ে যায় খেলোয়াড়রা, ‘বিদেশে খেলতে গিয়ে একই ভুল করে লালকার্ড পেতে হয়।’

গোল বিতর্ক মুছে ফেলতে বাফুফে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভার) রাখার উদ্যোগ নিয়েছে। এই সিস্টেম প্রবর্তন করা হলে দেশের ঘরোয়া ফুটবরে গোল বিতর্ক নিয়ে প্রশ্ন উঠলে সমাধান করা যাবে মাঠেই। ভার চালু করার প্রস্তাবনা দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের।

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল ঘোষণা দিয়েছেন ভার রাখার জন্য এরই মধ্যে অগ্রসর হয়েছেন। ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভারের সঙ্গে সিস্টেম অপারেট করার জন্য বিশেষজ্ঞ আনারও কথাও ঘোষণা দিয়েছেন তিনি। অন্তত কিছু দিন যেন সিস্টেম পরিচালনা করাটা শিখিয়ে দিয়ে যায় বিশেষজ্ঞরা। উপমহাদেশে কয়েকটি দেশে ভার সিস্টেম চালু হয়েছে। আর ইংলিশ ফুটবল হতে শুরু করে ফিফার যে কোনো খেলায় এখন ভার চলছে সর্বত্র। তবে বাফুফে সভাপতি আশঙ্কা করছেন ভার চালু হলেও আমাদের ঘরোয়া ফুটবলে সমস্যা সমাধান হবে না। তখন বলবে অপরাটেররা ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আমাদের মানসিকতায় পরিবর্তনও আনতে হবে।