পিতার মৃত্যুবার্ষিকীর আয়োজনে নিজ বাড়িতে গিয়ে ৮ ফেব্রুয়ারি স্থানীয় যুবলীগ নেতার হামলার শিকার দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিয়ত উল্যাহর পারিবারিক একটি পিকআপ ভ্যানে এবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ৩টার দিকে এ আগুন লাগায়। এতে গাড়িটি ভস্মীভূত হয়ে গেছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি আবার মামলা দেওয়া হয় ঐ সাংবাদিকের বিরুদ্ধে। বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলা দায়ের করেন আসামি শহীদ উল্লার স্ত্রী কোহিনুর আক্তার।
এ বিষয়ে শরিয়ত উল্যাহর বড় ভাই মোহাম্মদ উল্লাহ বলেন, ‘গতকাল রাতে ব্যাবসায়িক কাজ শেষ করে আমরা ঘুমাতে চলে যাই। হঠাত্ রাত ৩টার সময় কিছু একটা পোড়া গন্ধে আমাদের ঘুম ভেঙে যায়। গিয়ে দেখি আমাদের এত শ্রমের গাড়িটি পুড়ে একেবারে শেষ হয়ে গেছে।’
এ বিষয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনাটা আমি শুনেছি। প্রধান আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আজকের ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’ এ বিষয়ে জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ‘আমরা বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছি। এ ধরনের ঘটনা কখনো কাম্য নয়। আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মামলার প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’