১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা দিবস পালন

১৫ ফেব্রুয়ারিকে বিএনপির প্রহসনের ভোটারবিহীন নির্বাচনের ‘কালো দিন’ আখ্যা দিয়ে রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকার দলীয় বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার পৃথক কর্মসূচিতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা অংশ নিয়ে বলেন, দেশবিদেশে ষড়যন্ত্র হচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। সেখানকার জনসমাগম দেখে সরকার নাকি ভয় পেয়েছে। আসলে গুলিস্তানে পাগল নাচলেও তাদের সমাবেশের চেয়ে বেশি মানুষ হয়। তথ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ ভালো থাকায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্র করছে। আলজাজিরার রিপোর্ট ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে তখনই হত্যা করা হয়েছিল, যখন খুনিরা জনবিচ্ছিন্ন হয়েছিল। আজও দেশবিদেশে ষড়যন্ত্র হচ্ছে।

যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ : ১৫ ফেব্রুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের রাজনৈতিক কার্যালয়ের সামনে মহানগর যুবলীগ দক্ষিণ সহসভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপকৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামিল রানা, দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মাকসুদুর রহমান প্রমুখ।

নেতাকর্মীকে সজাগ থাকার নির্দেশ স্বেচ্ছাসেবক লীগের : অশুভ অপশক্তিকে রুখে দিতে নেতাকর্মীদের সর্বদায় সজাগ থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।