দণ্ডিত পাপুলের স্ত্রী কন্যার জামিন কেন বাতিল নয় :হাইকোর্ট

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ভিনদেশে দণ্ডিত স্বতন্ত্র এমপি কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও মেয়ে ওয়াফা ইসলামকে দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। গত ২৭ ডিসেম্বর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এই মামলায় সেলিনা ইসলাম ও ওয়াফাকে জামিন দেন। এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। শুনানি নিয়ে হাইকোর্ট জামিন বাতিল প্রশ্নে রুল জারি করে।