দেশের সব আইন-আদালতে সহজ বাংলা ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট সংস্কৃতিজনেরা। একই সঙ্গে প্রমিত বাংলা ভাষা ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেছেন তারা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট অমর একুশ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই এ আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশিষ্ট সংস্কৃতিজন রামেন্দু মজুমদার বলেন, এবারের একুশ আমাদের কাছে নতুন তাত্পর্য নিয়ে হাজির হয়েছে। একদিকে যেমন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, তেমনি অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। আমাদের হূদয়ে, আমাদের চেতনায় তাই এটি অনন্য হয়ে থাকবে। একুশে ফেব্রুয়ারি এলেই আমরা বাংলা ভাষা প্রচলনের জন্য নানা কথা বলি, বক্তৃতা দেই, কিন্তু সারা বছর সেই উদ্যোগ দেখি না।
তিনি বলেন, আমাদের জনজীবনে যে আমরা বাংলাকে কত অবহেলা করেছি, তার অনেক নজির দেখা যায়। আমাদের দোকানপাটের সাইনবোর্ড একসময় অনেকটাই বাংলায় ছিল, সেটা আবার ইংরেজিতে রূপান্তরিত হয়েছে। আমরা চাই আইনের ভাষা, আদালতে সব জায়গায় বাংলা ব্যবহূত হবে এবং সেটি হতে হবে সহজ বাংলা, যেন আমরা সবাই বুঝতে পারি।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে, দোষ করলে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আদালত তার বিচার করেন। কিন্তু তারা যে প্রতিনিয়ত সংবিধানের নিয়ম ভুলে ইংরেজিতে কাজ পরিচালনা করছেন, সেটার কী হবে! অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াসসহ বিশিষ্ট সংস্কৃতিজনেরা।