বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, পরিবহন খাতের বিশৃঙ্খলা অস্বীকার করার কিছু নেই। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় বেশি যানবাহন থাকার কারণেই সড়কে বিশৃঙ্খলা হয় ও দুর্ঘটনা ঘটে। গতকাল আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মিলনায়তনে ‘বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌযান জরিপ-২০১৯’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মডার্নাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিসটিকস প্রকল্পের আওতায় জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
বিআরটিএর চেয়ারম্যান জরিপ সম্পর্কে বলেন, ‘বিআরটিএর হিসাব অনুযায়ী প্রতি বছর আমরা ৪ লাখ গাড়ির নিবন্ধন দিচ্ছি। এ ছাড়া আমাদের ডাটাবেজে ৪৫ লাখের মতো গাড়ির নিবন্ধন রয়েছে। আমাদের জরিপের সঙ্গে জরিপের কিছুটা ফারাক রয়েছে। তবু আমরা আশা করি এই জরিপ থেকে পাওয়া ফলে আমরা সুফল পাবো।’
নূর মোহাম্মদ মজুমদার বলেন, এই জরিপের পরিধি ও বিশ্লেষণে যা দেখছি তা জিডিপিতে বিশেষ অবদান রাখবে। এ ছাড়া এসডিজির অর্জনেও এই জরিপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, আমাদের দেশের প্রতিটি জেলার যাত্রীবাহী পরিবহনগুলো শিফট অনুযায়ী চলাচলের কথা থাকলেও তা করছে না। এসব পরিবহন নিজেদের মতো করেই চলছে। সড়কে পরিবহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু সড়ক বাড়ছে না। এর থেকে বেরিয়ে আসতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম।