৩ লাখ ২৮ হাজার জেলে পরিবার খাদ্য সহায়তা পাচ্ছে

দেশের ২০ জেলার ৩ লাখ ২৮ হাজার ৮১৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এজন্য ২৬ হাজার ৩০৫ দশমিক ২০ টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ১ম ধাপে ফেব্রুয়ারি-মার্চ দুই মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে ৮০ কেজি চাল দেওয়া হবে। গতকাল সোমবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চের মধ্যে জেলেদের মধ্যে এ চাল বিতরণ করতে হবে।

উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস জাটকা আহরণে বিরত থাকা মত্স্যজীবীদের সরকারের মানবিক সহায়তা হিসেবে এ চাল দেওয়া হয়।