বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য। গতকাল সোমবার আাান্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে এসব কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শিশু ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সহায়তায় শিশুদের ক্যানসারের চিকিৎসায় শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত ৬০ জন শিশু চিকিৎসার মাধ্যমে আরোগ্যলাভ করেছে। এ থেকেই প্রমাণিত হয়, সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য।
অন্য বক্তারা বলেন, সারা বিশ্বে প্রায় প্রতি বছর লক্ষাধিক শিশু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশু মৃত্যুর হারে ক্যানসার একটি বড় প্রভাবক। তবে বর্তমানে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসাব্যবস্থা অনুযায়ী এই রোগের নিরাময় সম্পূর্ণরূপে সম্ভব। পাশাপাশি আধুনিক ও উন্নত চিকিৎসাব্যবস্থার মাধ্যমে ক্যানসার চিকিৎসায় তাদের অভিজ্ঞতা ক্রমান্বয়ে দেশের অন্যান্য মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে সাধরণ মানুষের মধ্যে শিশু ক্যানসার নিয়ে নানা ধরনের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার এখনও বিরাজমান আছে, যা রোগ নির্ণয়-পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে চিকিৎসার শুরুতে কালক্ষেপণ করে রোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে হলে সচেতনা সৃষ্টির কোনো বিকল্প নেই। ক্যানসার কোনো ছোঁয়াচে রোগ নয়। শিশুদের ক্যানসার সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য।
ইত্তেফাক/কেকে