আশাশুনি-কুড়িকাউনিয়া ভাঙন পয়েন্টে ট্রলারডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙ্গে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে তাৎক্ষনিক উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন বাবুর আলী, শফিকুল ও আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে পাইকগাছার জায়গিরমহল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলফাজ হোসেন জানান, বাঁধের কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে  ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় তারা মূল কপোতাক্ষ নদের দিকে ভেসে গেছে।

ইত্তেফাক/জেডএইচডি