দেশকে এগিয়ে যাওয়া দেখে বিএনপির গায়ে জ্বালা ধরে: পানিসম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বিশ্ব শান্তির অগ্রদূত। তিনি বিশ্ব মানবতার বাতিঘর, লাইট হাউজ অব ওয়ার্ল্ড হিউম্যানিটি। বিএনপি-জামায়াত দেশের অগ্রগতি দেখতে পারে না। দেশকে এগিয়ে যাওয়া দেখে তাদের গায়ে জ্বালা ধরে। এদেশের মানুষ নীতিহীন ও স্বপ্নহীন রাজনীতি বার বার বর্জন করেছে। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলার শ্রীপুরে গড়াই নদীর ভাঙনকবলিত ৭ টি স্পট পরিদর্শন শেষে হাজীপুর ইউনিয়নের স্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন উর রশিদ মুহিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, স্থানীয় সাংসদ সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। 

তিনি আরও বলেন, শ্রীপুরকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য ৮১৩ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এ প্রকল্পের কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আর সারাদেশে নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য বড় বড় মেগা প্রকল্প চলমান রয়েছে। এছাড়াও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দেশে আর নদী ভাঙনের সমস্যা থাকবে না। আর জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর নিষ্ঠা, মনোবল ও পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের আজ রোল মডেল।

এর আগে সকালে রাজবাড়ী জেলার দৌলদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপমন্ত্রী।

ইত্তেফাক/এমএএম