অবশেষে শান্তি ফিরছে পূর্ব লাদাখে 

প্রায় ১০ মাস প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মুখোমুখি থাকার পর এবার প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকা থেকে সেনা সরাচ্ছে ভারত ও চীন। মঙ্গলবার এ সংক্রান্ত একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ করেছে ভারতের সেনারা।

সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে জানা যায়, এদিন সেনার নর্দার্ন কমান্ডের কাছ থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পেয়ে তা প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। ছবিগুলিতে ভারত-চীন সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ থেকে চীন ও ভারতীয় বাহিনীর পিছু হঠার দৃশ্য দেখা যাচ্ছে।

সেনা সূত্রে জানা যায়, প্যাংগংয়ের ফিঙ্গার ৮ পর্যন্ত পিছিয়ে যাবে চীনা সেনারা। পাল্টা ফিঙ্গার ৩ ও ৪-এর মধ্যে ধন সিং থাপা পোস্টে মোতায়েন থাকবে ভারতীয় সেনা। সীমান্তে সংঘাত নিয়ে আলোচনা চলাকালীন বিতর্কিত ফিঙ্গার এলাকাগুলিতে টহল বন্ধ রাখবে দুই পক্ষই। তবে ভারতের দাবি মতো ফিঙ্গার ৮ পর্যন্ত গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা। পালটা ফিঙ্গার ৪ পর্যন্ত নিজেদের এলাকা বলে দাবি করেছে চীন।

গত মাসে প্রায় ১৫ ঘণ্টা ধরে বৈঠক করেন দুই দেশের সেনাকর্মকর্তারা। সেখানেই সীমান্ত সমস্যার সমাধানে পৌঁছে যান তারা। গত নভেম্বরের দিল্লির এক মুখপাত্র জানান, লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ভারতের কাছে তিন পর্যায়ের পরিকল্পনা রয়েছে। দুই দেশ সম্মত হলেই সেই পরিকল্পনা কার্যকর করা হবে।

ইত্তেফাক/এএইচপি