বাংলা বানানের নিয়মকানুন
মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে।
ঘ
ঘাঁটা—[স. ঘট্ট>] ক্রিবি. আলোড়ন করা, ঘোঁটা, মন্থন করা; পর্যালোচনা করা।
ঘাঁটা—[দেশি.] বি. ক্রমাগত ঘর্ষণের ফলে চামড়ায় সৃষ্ট চিহ্ন; কিণাঙ্ক।
ঘাটা—[বা.] বি. জাহাজ, নৌকা প্রভৃতি ভেড়ার জায়গা, ঘাট; পথ।
ঘাঁটি—[দেশি.] বি. ফাঁড়ি, চৌকি; প্রহরীর থাকার জায়গা; প্রবেশপথ; সৈনিকদের ছাউনি; বিমান, জলযান প্রভৃতি থামা ও ছাড়ার জায়গা; বিশেষ কোনো উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ লোকজনের মিলিত হওয়ার স্থান।
ঘাটি—[স. ঘাত>] বি. ক্ষতটি।
চ
চাঁই—[দেশি.] বি. মোড়ল, সর্দার; প্রধান নেতা, মণ্ডল; বাঁশের শলার তৈরি মাছ ধরার ফাঁদ; চাঙড়, চাপ, ঢেলা। বিণ. ঝানু।
চাই—[বা.] ক্রিবি. দৃষ্টিপাত করি; দাবি করি; প্রয়োজন।
চাঁচা—[স. তষ্ট>] ক্রিবি. ‘চাঁছা’-এর আঞ্চলিক ও বিকৃত রূপ।
চাচা—[স. তাত>] বি. বাবার ছোটো ভাই, কাকা, খুড়া; পিতৃব্য, খুল্লতাত।
চাঁচি—[স. তক্ষ>] বি. ‘চাঁছি’-এর আঞ্চলিক ও বিকৃত রূপ।
চাচি—‘চাচা’-এর স্ত্রী।
চাঁট—[বা.] বি. গৃহপালিত পশুর পদাঘাত।
চাট—[দেশি.] বি. গোরু, ঘোড়া প্রভৃতি পশুর পদাঘাত।
চাট—[হি.] বি. চেটে খাওয়ার মতো মুখরোচক খাদ্য; সুরাপানের সঙ্গে আহার্য খাদ্য।
চাঁটা—[হি.] বি. পরিহাসের ছলে করতল দিয়ে মৃদু আঘাত, করাঘাত; চপেটাঘাত, চড়।
চাটা—[বা.] ক্রিবি. জিভ দিয়ে লেহন করা।
চাঁটি—[হি.] বি. পরিহাসের ছলে করতল দিয়ে মৃদু আঘাত, করাঘাত; চপেটাঘাত, চড়।
চাটি—[বা.] বিণ. উত্খাত করা হয়েছে এমন, উত্সাদিত; ধ্বংস, বিনষ্ট।
চাঁপা—[স. চম্পক>] বি. সুগন্ধ সোনালি ফুল, চম্পা, চম্পক।
চাপা—[বা.] ক্রিবি. চাপ দেওয়া; পিষ্ট হওয়া; আরোহণ করা। বিণ. গোপন; অস্ফুট; অবরুদ্ধ; আবৃত; চ্যাপটা; অস্পষ্ট; মনোভাব গোপন করে এমন।
চোঁয়া—[দেশি.] বিণ. অজীর্ণজনিত অল্প টক গন্ধযুক্ত; অল্প পোড়া গন্ধযুক্ত।
চোয়া—[বা.] ক্রিবি. ফোঁটা ফোঁটা করে ক্ষরিত হওয়া, চোয়ানা, চুইয়ে পড়া।
চোঁয়ানো—[বা.] ক্রিবি. সামান্য পোড়ানো; সামান্য অম্লগন্ধ করা।
চোয়ানো—[বা.] ক্রিবি. ফোঁটা ফোঁটা করে চুইয়ে পড়া। বিণ. চুইয়ে পড়ছে এমন; পরিস্রত; চুয়ানো।