দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ডিপজল কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন অর্ধ ডজনেরও বেশি সিনেমা নির্মাণের। এরইমধ্যে ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে নিজের গল্পে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় শেষ করেছেন ‘অমানুষ হলো মানুষ’ ছবি শুটিং। এবার আরো একটি নতুন ছবির কাজ শুরু করলেন এই অভিনেতা। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ‘বাংলার হারকিউলিস’ নামের ছবিটির কাজ শুরু হয়েছে। ছবিটিতে নাম ভূমিকায় দেখা যাবে ডিপজলকে। পুলিশি-থ্রিলার ধাঁচের এই ছবিটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘নতুন ছবিটির শুটিং অমানুষ হলো মানুষ-এর মতোই একটানা শেষ করা হবে। আমি আমার ঘোষণা মতোই একের পর এক ছবির কাজ শুরু করেছি। প্রথমে ৭টি ছবির ঘোষণা দিলেও এখন এ সংখ্যাটি আরো বাড়বে।’
দেশের চলচ্চিত্রের এই মন্দাবস্থায় এতগুলো ছবি নির্মাণ প্রসঙ্গে ডিপজল আরো বলেন, ‘আমি এর আগেও সামাজিক ও পারিবারিক গল্পে ছবি নির্মাণ করেছি। ছবিগুলো দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন। চলচ্চিত্রের মন্দাবস্থায় আবারো আমি ছবি নির্মাণ শুরু করেছি। আশা করছি, ছবিগুলো মুক্তির পর চলচ্চিত্র বাজার আবার চাঙা হয়ে উঠবে।’