ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আরফিন শরিয়তের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই মানববন্ধন করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির। এ সময় শিক্ষার্থীরা আরেফিন শরিয়তের উপর হামলার দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে জালাল উদ্দিন মুহাম্মদ আকবর নামে এক শিক্ষার্থী বলেন, ‘স্থানীয় সন্ত্রাসীরা শরীয়তের উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। আমরা আশা করি, খুব দ্রুত এর বিচার হবে।’
এ হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, ‘শরিয়তের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে অন্যায়ভাবে হামলা করেছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন জানিয়েছে, তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার করবে। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। যদি অপরাধীদের গ্রেফতার না করা হয় তাহলে সাংবাদিক সমিতি এর শেষ দেখে ছাড়বে।’
গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধে শরিয়তের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় আইয়ুব নবী ফরহাদসহ কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় ফেনীর সোনাগাজী মডেল থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- আইয়ুব নবী ফরহাদ, শহিদ উল্ল্যাহ, মো. জসীম উদ্দিন এবং ওমর ফারুক।
ইত্তেফাক/ইউবি