>> গোলাম মোর্শেদ সীমান্ত
অর্ধ-ডজনেরও বেশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়াশোনার বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। বলছি তাশফিকাল সামির কথা। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ২০২০ সালে। পড়াশোনার পাশাপাশি বিচিত্র বিষয়ে তার আগ্রহ। নিজের নামের পাশে যুক্ত হয়েছে হরেক রকম পরিচয়— লেখক, ইউটিউবার, মডেল, কার্টুনিস্ট, পাবলিক স্পিকার, অভিনেতা। সৃজনশীল বিভিন্ন কাজের শাখায় চমত্কার কিছু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন সামি।
ছোটবেলা থেকেই এসব সৃজনশীল কাজের প্রতি তার ভালোবাসা গড়ে উঠে। তখন থেকেই কার্টুন আঁকা আর গল্প লেখা ছিল সামির শখ। প্রচুর গল্পের বই পড়ার কারণে চিন্তার পরিধি বিস্তৃত ছিল, অনেক বড় একটা কল্পনার জগত তৈরি হয়। তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালে একটি গোয়েন্দা চরিত্র তৈরি করেন সামি, নাম তার ‘জামশেদ মুস্তফা’। জামশেদ মুস্তফার অভিযান নিয়ে লেখা কমিকসটা তত্কালীন একটি জনপ্রিয় কিশোর ম্যাগাজিনের ঈদ সংখ্যায় প্রকাশিত হয়। দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল টেন মিনিটে সামি যুক্ত হন ২০১৭ সালে। টেন মিনিট স্কুলের ব্লগে প্রায় শ’খানেক ব্লগ রয়েছে। তারপর পাঁচমিশালি টপিক নিয়ে ভিডিও নির্মাণ শুরু করেন। ব্লগ এবং ভিডিও দুটোই।
২০১৮ সালে সামির পরিচয় হয় এক প্রকাশকের সঙ্গে। সেখান থেকেই বই লেখার সুযোগ আসে। প্রথমে শিশুদের জন্য বিনোদনমূলক বিজ্ঞানের গল্প লিখেন সামি। ‘ধূমকেতু’, ‘ছায়াপথ’ ও ‘ডাইনোসরের গল্প’ নামে তিনটি শিশুতোষ বই রয়েছে তার। ২০১৯ সালে প্রথম পূর্ণাঙ্গ বই লিখেন ‘ঝাকানাকা বিজ্ঞান’। এতকিছুর পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন সামি। সামি জানান, ‘অভিনয়ের মাধ্যমে অন্য একটি মানুষ, অন্য একটি চরিত্র নিজের অস্তিত্বে ধারণ করা যায়—এ সুযোগটি আমার কাছে অমূল্য। কয়েকটি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন করা হয়েছে। তবে এ মুহূর্তে পছন্দের জায়গাগুলোতে অভিজ্ঞতা অর্জন করাই আমার লক্ষ্য। উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’ এবছরের বইমেলায় সামি ও তার বন্ধু আসিফ রেজা প্রথমবারের মতো যৌথভাবে ৪০টি অনুপ্রেরণার গল্প নিয়ে বই লিখেছেন ‘বিজয় হবেই!’