বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে

বাংলাদেশের বাজারে ফাইভ সিরিজের নতুন সেডান গাড়ির ঘোষণা দিল বিএমডব্লিউ এশিয়া এবং এক্সিকিউটিভ মটরস লিমিটেড। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউ প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ মটরস এর ডিরেক্টর অপারেশন্স মো. শামসুল আরেফীন বলেন, অধিক কার্যক্ষমতা সম্পন্ন ফাইভ সিরিজের এই গাড়িটিতে প্লাগইন হাইব্রিড প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যা একই সঙ্গে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এখন পর্যন্ত জার্মানিতে প্রস্তুতকৃত এই জেনারেশনের ৬ লাখ ফাইভ সিরিজ সেডান বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যা এই শ্রেণির সর্বাধিক বিক্রীত গাড়ি। বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন ফিচার লাইভ ককপিট প্লাস—এ রয়েছে ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে সুবিধা। এছাড়াও অপশন হিসেবে ক্রেতারা লাইভ-ককপিট প্রফেশনাল বেছে নিতে পারে যাতে রয়েছে ১২.৩ ইঞ্চি ডিসপ্লে। এইট-স্পিড স্টেপট্রোনিক ট্রান্সমিশন সংবলিত শক্তিশালী ১৮৪ হর্সপাওয়ার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সংযোজিত হয়েছে ১০৯ হর্সপাওয়ারের হাইব্রিড প্রযুক্তি। গাড়িটির মূল্য শুরু হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা থেকে। —প্রেস বিজ্ঞপ্তি