অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনের শুরুতে সূচক উত্থানের ধারায় থাকলেও দিন শেষে অধিকাংশ শেয়ারের দরপতন লক্ষ্য করা গেছে। এরসঙ্গে কমেছে লেনদেন। গতকাল ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির ২৩ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫৫২৭ দশমিক ৩৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক দশমিক শূন্য ২ পয়েন্ট বেড় ২১৪৬ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১২৫২ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আনলিমা ইয়ার্ন, গোল্ডেন সন, লিব্রা ইনফিউশন, বীকন ফার্মা, জিবিবি পাওয়ার, অ্যাকটিভ ফাইন, বিএটিবিসি, আইএফআইসি ব্যাংক, এইচআর টেক্সটাইল ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—রবি আজিয়াটা, তৌফিকা ফুড, বিআইএফসি, আইটিসি, অ্যাপোলো হসপিটাল, সিটি জেনারেল ইনসিওরেন্স, ইসলামী ইনসিওরেন্স, ইউনিলিভার কনজুমার, সাভার রিফ্র্যাক্টোরিজ ও প্রাইম ইনসিওরেন্স।