রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে হলহলিয়া নদীর ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে বাঁশের বান্ডাল নির্মাণ করছে এলাকাবাসী। নদীর তীরবর্তী স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদসহ বিভিন্ন স্থাপনা রক্ষার্থে ধনারচর নতুন, দিগলাপাড়া, চরেরগ্রাম ও ধনারচর গ্রামের প্রায় ৭ হাজার পরিবার চাঁদা তুলে কাজটি করছেন। মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও গাছ দিয়ে ভাঙন এলাকা জুড়ে ১০টি বান্ডাল নির্মাণ করেছে। বিভিন্ন পেশার প্রায় ৩০০ মানুষ এতে অংশ নেয়।
যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, সরকারি বরাদ্দ ছাড়াই এত বড় বাঁশের বান্ডাল নির্মাণ করা কঠিন। কিন্তু উপায় না পেয়ে ভাঙনকবলিত চার গ্রাম রক্ষায় কাজ করছে গ্রামবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ভাঙন রোধে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজটি প্রায় শেষ করে ফেলেছে। তবে বর্ষা আসার আগেই আমি পানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করব।