বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:

কালকিনি (মাদারীপুর) : মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক জন। তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিটি খান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম শরীফ সাহেবরামপুর থেকে বন্ধু জাহিদুল ইসলাম হাওলাদাকে নিয়ে মোটরসাইকেলে করে কালকিনি আসছিল।

কচুয়া (চাঁদপুর) :হারিচাইল গ্রামে মাদ্রাসার মক্তব থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে সিহাব হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সিহাব পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের মাসুদ রানার ছেলে। 

ফকিরহাট (বাগেরহাট) :লখপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। নিহত অ্যাম্বুলেন্স চালক আলি আজিম হাওলাদার খুলনার খালিশপুর এলাকার বাবুল হাওলাদারের ছেলে।