কুমিল্লায় হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নারায়ণ চন্দ্র পাল নামের এক স্টুডিও ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ফিরোজ সরকার নামের এক জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাছরিন জাহান এ রায় দেন। এ সময় ফিরোজ সরকার আদালতে উপস্থিত ছিলেন। তিনি দেবীদ্বার উপজেলার বাউরা গ্রামের মৃত শব্দর আলী সরকারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম জানান, উভয় পক্ষের শুনানির পর আদালত এ মামলার একমাত্র আসামি ফিরোজ সরকারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর সকালে পুলিশ নারায়ণ চন্দ্র পালের লাশ তার স্টুডিওর ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।