সিরাজগঞ্জে শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রতনকান্দি থেকে সুমন (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি মাঠে গাছের ডালপালার ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সুমন থানার রতনকান্দি পূর্বপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শিশু সুমনকে সোমবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ির পাশের জমির ইউক্যালিপটাস গাছের ডালপালার ভেতর শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।