বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি
ইত্তেফাক রিপোর্ট
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। তিনি বলেন, ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতাবোধ, অসাম্প্রদায়িকতা ও সহিঞ্চুতা। আবহমানকাল ধরে আমাদের দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মের মানুষ পারস্পরিক সহমর্মিতা, হূদ্যতা ও মমত্ববোধের সঙ্গে মিলেমিশে বাস করছে। গতকাল সরস্বতী পূজা উদ্যাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে।
বাণী অর্চনা উপলক্ষ্যে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদ্যাপন পরিষদ। অপরদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আরেক অনুষ্ঠানের আয়োজন করে সরস্বতী পূজা উদ্যাপন পরিষদ। উভয় অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি। আইনজীবী সমিতির অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ অংশ নেন।