ইত্তেফাক রিপোর্ট
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সুবিধাভোগী। পঁচাত্তর পরবর্তীতে তিনি জাতির পিতার খুনিদের লালনপালন করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়; সেই জন্য ইনডেমনিটি অধ্যাদেশটি আইনে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। এরশাদ, খালেদা জিয়াও সে পথে চলেছেন। হাইকোর্ট-সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে। পঞ্চম সংশোধনী অবৈধ হওয়ায় জিয়ার শাসনামল অবৈধ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রস্তাবটি যথার্থ। বাংলার মানুষ সুযোগ পেলে অনেক আগেই সেটি বাতিল করত। গতকাল প্রতিমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণআজাদী লীগ আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন। বাংলাদেশ গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান প্রমুখ।