ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য দৃঢ় করতে হবে

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশেবিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দলকে সক্রিয় করার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য দৃঢ় করতে হবে। জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ২২তম হত্যা দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তারা এই আহ্বান জানান।

সভায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ’৬০ এর দশকে ৬ দফাসহ স্বাধীনতার লক্ষ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ঐতিহাসিক সংগ্রাম পরিচালিত হয়েছিল সেখানে ঢাকা শহরের ছাত্র-জনতাকে সংগঠিত করার ক্ষেত্রে কাজী আরেফ ঐতিহাসিক বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেন, আজ যখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার আহ্বান জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন             বলেন, কাজী আরেফ সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনেও অগ্রণী ভূমিকা রাখেন। তিনি বলেন, দেশে দুর্নীতিবাজ-লুটেরা গোষ্ঠীর যে উত্থান ঘটেছে সে বিষয়ে ১৪ দলের সুনির্দিষ্ট ভূমিকা নেওয়া এখন সময়ের দাবি। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, যেই লক্ষ্য নিয়ে ১৪ দল গঠিত হয়েছিল সেই লক্ষ্য ও চেতনাকে ধারণ করে ১৪ দলকে সক্রিয় করতে হবে।

আলোচনাসভায় সভাপতিত্বকারী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, কাজী আরেফ যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশ পুনর্গঠন এবং সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাসদ গঠন করেছিলেন। কাজী আরেফের তৈরি করা রাজনৈতিক পথেই দীর্ঘ সংগ্রামের পরিণতিতে আজ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার রাষ্ট্র পরিচালনা করছে। সাম্প্র্রদায়িক-জঙ্গিবাদী-পাকিস্তানপন্থার রাজনীতি আজ কিছুটা কোণঠাসা হলেও তারা আত্মসমর্পণ করেনি। পাকিস্তানপন্থি শক্তি চেহারা বদল করে ভিন্ন চেহারা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য-বিরোধিতা পাকিস্তানপন্থি শক্তির বাংলাদেশবিরোধী যুদ্ধের একটি মহড়া মাত্র। আলজাজিরাও বাংলাদেশবিরোধী এই যুদ্ধের অংশ হিসেবেই প্রচারণায় নেমেছে। ইনু বলেন, পাকিস্তানপন্থি বাংলাদেশবিরোধী রাজনীতি বিএনপি-জামাতের কারখানাতেই উত্পাদন ও পুনরুত্পাদন হচ্ছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত্ হোসেন, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কাজী আরেফ আহমেদের অনুজ কাজী মাসুদ আহমেদ ও ভ্রাতুষ্পুত্রী কাজী সালমা সুলতানা প্রমুখ। কাজী আরেফের হত্যা দিবস উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি গতকাল সকালে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।