বহুল আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে সিলেটের আদালতে হাজির করা হয় গতকাল মঙ্গলবার। সিলেটের এক পাথর ব্যবসায়ীর দায়েরকৃত প্রতারণা মামলায় তাকে সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২য় আদালতে হাজির করা হলে বিচারক অঞ্জন কান্তি দাশ সাহেদকে চেক ডিজ-অনারের তিন মামলায় গ্রেফতার দেখিয়ে সিলেট কারাগারে প্রেরণ করেন। এছাড়া তার বিরুদ্ধে সিলেটের আদালতে দায়েরকৃত আরেকটি প্রতারণার মামলাও তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। আদালতে দায়েরকৃত চারটি মামলার বাদী সিলেট জৈন্তাপুর উপজেলার পাথর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশারের মালিক শামসুল মাওলা।
আদালতে বাদী পক্ষের আইনজীবী এপিপি আবদুস সাত্তার জানান, সাহেদের বিরুদ্ধে আদালতে চারটি মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী শামসুল মাওলা। সাহেদ করিমের কাছে তার ৩০ লাখ ৫০ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকার বদলে সাহেদ ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি চেক দিয়েছিলেন। কিন্তু মামলার বাদী টাকা পাননি। পরে তিনি চেক ডিজ-অনারের মামলা করেন। এছাড়াও অন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ১০ লাখ টাকার একটি ভুয়া চেক দিয়ে পাথর কেনেন সাহেদ। এজন্য আদালতে আরেকটি প্রতারণা, জালিয়াতি ও আত্মসাত্ মামলা দায়ের করেন ঐ ব্যবসায়ী। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য জৈন্তাপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।