ডামুড্যায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পরে লাশের রক্তাক্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ঐ গৃহবধূর স্বামী নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নজরুলকে গ্রেফতার করেছে।
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাঠি গ্রামের মৃত আব্দুল আজিজ মাদবরের মেয়ে আমেনা বেগম। তার স্বামী পাশের গ্রামের মৃত হোসেন মাতুব্বরের ছেলে নজরুল।
থানা সূত্র জানায়, নজরুল সৌদি প্রবাসী ছিলেন। ছয় মাস আগে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল নজরুল তার স্ত্রী আমেনাকে বসতঘরে আটকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। এর পর লাশের রক্তাক্ত ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। খবর পেয়ে গ্রামবাসী তাকে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেপ্তারের পর গ্রামবাসী তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে গিয়ে গোঁসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভির হাসান ও দুই জন পুলিশ সদস্য আহত হন।
আমেনার ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘নজরুল বিদেশ থেকে আসার পর প্রায়ই আমার বোনকে মারধর করত। আমরা তাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু নজরুল নৃসংশভাবে বোনকে হত্যা করবে ভাবতে পারিনি।’
ডামুড্যা থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন বলেন, নজরুল ইসলাম তার স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত করার জন্য।